শাহজাহানপুর রেলক্রসিংয়ে পাইপলাইন উন্নয়ন ও স্থানান্তর কাজ
গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানায়, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুপাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন সম্পন্ন করতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।